কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বৃক্ষরোপণ কর্মসূচি এবং খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈবসার, বাঁশের খুঁটি ও বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশোর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ৩২০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে গাছের চারা, ২৫ কেজি জৈবসার এবং পাঁচটি করে বাঁশের খুঁটি প্রদান করা হবে। এ কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করা হবে।তিনি আরও জানান, খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শশা, কলমিশাক ও পুঁইশাকের বীজ বিতরণ করা হবে। পাশাপাশি প্রতিজন কৃষককে ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হবে।তিনি বলেন, শুধু উপকরণ বিতরণেই নয়, গাছের পরিচর্যা এবং গ্রীষ্মকালীন শাকসবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তাও উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত প্রদান করা হবে।