ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

সারাদেশ

নরসিংদীতে সাংবাদিককে পেটানোর অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়েছে।মামলার অভিযোগ ও ভুক্তভোগী সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, গত ২৫ জুন দুপুরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্ত্রী নির্যাতনের একটি ঘটনার সংবাদ সংগ্রহে যান ঢাকা টুডের নরসিংদী জেলা প্রতিনিধি সাকিব খন্দকার। ভুক্তভোগী নারী, তাঁর স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ফেরার সময় একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়।অভিযোগে বলা হয়েছে, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনের নির্দেশে ১৫ থেকে ২০ জনের একটি দল সাংবাদিককে মারধর করে। এ সময় তাঁর ব্যবহৃত মাইক্রোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় তিনি আহত হন।মামলায় আরও অভিযোগ করা হয়, হামলার সময় সাংবাদিকের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাঁর ওপর আবারও হামলা চালানো হয় এবং মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।মামলায় বোরহান উদ্দিন ছাড়াও আবু কালাম, ওহাব মিয়া, হুমায়ুন কবির, জাকির, ইউনুস আলী, রানা, সিহাব, মইজ উদ্দিনসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের পরিচয় মামলায় উল্লেখ করা হয়েছে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।ভুক্তভোগী সাংবাদিক সাকিব খন্দকার বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রত্যাশা করে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত বোরহান উদ্দিন বা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নরসিংদীতে সাংবাদিককে পেটানোর অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা