ডায়েট মানেই পছন্দের খাবার থেকে দূরে থাকা আর ক্যালরি মাপার একঘেয়েমিতে নিজেকে বন্দি করা। এই নিয়মের বেড়াজাল ভাঙার সুযোগ করে দিচ্ছে ৬ই মে, আন্তর্জাতিক নো ডায়েট দিবস। দিনটি শরীর নিয়ে অহেতুক হীনম্মন্যতা ভুলে নিজের রূপকে ভালোবাসা শেখায়। ওজন কমানোর চাপে যারা মানসিক প্রশান্তি হারিয়ে ফেলেছেন, তাদের জন্য এই দিনটি এক টুকরো মুক্তির আনন্দ। বডিশেমিং বা ডায়েট সংস্কৃতির যে অদৃশ্য চাপ আমাদের চারপাশে আছে, সেটিকে বুড়ো আঙুল দেখানোই এই দিবসের মূল উদ্দেশ্য।শুধু স্থূলতাই না, শরীরের সব আকার ও আকৃতির মানুষের স্বাস্থ্যকর জীবনযাপন এবং আত্মবিশ্বাসকে উদযাপন করা হয় এখানে। যুক্তরাজ্য থেকে শুরু করে ভারত, ব্রাজিল কিংবা ডেনমার্ক, বিশ্বজুড়ে আজ ডায়েটের কঠোর শৃঙ্খলা এক পাশে সরিয়ে রাখার দিন।প্রিয় চকলেট, চিজি পিৎজা কিংবা ঘরোয়া বিরিয়ানি বা অন্য কিছু, আজ কোনো কিছুতেই মানা নেই। নিজের শরীরকে বিচার করা বন্ধ করে মনের খুশিতে পছন্দের স্বাদ উপভোগ করাই আজকের একমাত্র রুটিন।