ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি

ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন পোল্ট্রি খামারিরা। একই সঙ্গে পোল্ট্রি শিল্পকে চলমান সংকট থেকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপও দাবি করেছেন তারা।সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন এলাকার খামারিরা।স্মারকলিপিতে খামারিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিম ও পোল্ট্রি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। তাদের দাবি, সরকার নির্ধারিত খামার পর্যায়ে প্রতি ডিমের মূল্য ১০ টাকা ৮০ পয়সা হলেও বাস্তবে ৭ থেকে ৭ টাকা ৫০ পয়সায় ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন।তারা আরও বলেন, উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারমূল্য কম থাকায় অনেক খামারি ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। এছাড়া খাদ্য, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে পোল্ট্রি শিল্পের বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তারা।খামারিদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণ থেকে পোল্ট্রি শিল্পকে সুরক্ষা এবং খামারিদের টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান।বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের পোল্ট্রি শিল্পের পাশাপাশি খাদ্য নিরাপত্তাও ভবিষ্যতে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।এ সময় উপস্থিত ছিলেন বিপিআইএ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. শহীদ মল্লিক, মো. নুরুল আরেফিন লিংকন, আব্দুল ওয়াদুদ এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সুলতান কবির ও হাফেজ আব্দুর রশিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের খামারি ও নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্য মূল্যের দাবিতে খামারিদের স্মারকলিপি