ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি।"সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ জুন) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।ব্র্যাক সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি গাছের চারা বিতরণ করা হবে। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ