প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ভুরুঙ্গামারীতে জুলাই শহীদ দিবস পালিত
আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, আহত জুলাই যোদ্ধা এনামুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি রুকনুজ্জামান ও নয়ন মিয়া নাহিদ।সভায় ইউএনও অমৃত দেব নাথ বলেন, জুলাইয়ের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ