প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ভুরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল জব্দ
আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে অভিযুক্ত আলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শিলখুড়ী ইউনিয়নের বাসিন্দা জহুর উদ্দিনের ছেলে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে শিলখুড়ী ইউনিয়নের ধলঢাঙ্গা বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, আলাল হোসেন দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তিনি দোকানটির মাধ্যমে সীমান্তবর্তী ভারতের কোচবিহার অঞ্চলের বিভিন্ন স্থানে পরিচালিত অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ রিচার্জের কাজ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।অভিযানের সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন, কয়েকটি মোবাইল সিম এবং রিচার্জের কাজে ব্যবহৃত নগদ এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ১৬৬ বছর পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার করে নতুন জুয়া আইন-২০২৬ কার্যকর হয়েছে। নতুন আইনের আওতায় সরকার অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ভুরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।ওসি আজিম উদ্দিন বলেন, আলাল হোসেনের বিরুদ্ধে নতুন জুয়া আইন-২০২৬-এর অনলাইন জুয়া–সংক্রান্ত ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে। জুয়া ও মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ