প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১.১৭ লাখ টাকার মাদক উদ্ধার
ইয়াকুব সরকার, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও ১৪৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।সোমবার ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বানিয়াটারি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে শিমুলবাড়ী বিজিবি ক্যাম্পের একটি টহল দল।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ১৬ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেন। জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৫৬ হাজার ৭৫০ টাকা এবং ইস্কাপ সিরাপের মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। উদ্ধার হওয়া মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।বিজিবির মতে, মাদক একটি জাতির ভবিষ্যৎ ও বিশেষ করে যুবসমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। তাই তরুণদের মাদক থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ