প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদী দোসরদের যুবদলে স্থান নেই: জিয়াউর রহমান জিয়া
নাজমুল হক প্রধান , মতলব (চাঁদপুর) ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের তিন নেতাকে সংবর্ধনা দিয়েছে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদল।শনিবার (২৭ জুন) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধনা পান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন।এর আগে মতলবে পৌঁছে জিয়াউর রহমান জিয়া সাবেক মন্ত্রী নুরুল হুদা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলামসহ দলের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন। পরে সুলতানাবাদ ইউনিয়নে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নিজ এলাকায় গিয়ে তিনি তাঁর বাবা-মায়ের কবরও জিয়ারত করেন।অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান জিয়া।বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা কোনো সুস্থ রাজনৈতিক সংগঠনে মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদী দোসরদের কোনো স্থান নেই। একটি সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখে দিতে হবে এবং সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।"সংবর্ধিত অতিথি আশরাফুর রহমান বাবু বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমেই সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি অভিযোগ করেন, দলের দুর্দিনে মামলা, হামলা ও কারানির্যাতন সহ্য করেও যারা দল ছাড়েননি, তাদের যথাযথ মূল্যায়ন না হলে সংগঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।অপর সংবর্ধিত অতিথি নাসির উদ্দিন শাওন বলেন, দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গ্রুপিংয়ের কারণে যেন ত্যাগী নেতারা বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ