প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
মতলব উত্তরে ধর্ষণ মামলায় অভিযুক্ত ও ভিকটিমের বড় বোন গ্রেফতার
মতলব উত্তর, (চাঁদপুর) প্রতিনিধি ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এবং ধর্ষণে সহায়তার অভিযোগে ভিকটিমের আপন বড় বোনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১০ জুন) মতলব উত্তর থানার একটি মামলায় অভিযুক্ত মোঃ কাইয়ুম মাল (৩৬) ও মোসাঃ তানিয়া আক্তার (২৮)-কে উপজেলার পশ্চিম হানিরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালে ভিকটিমের মা জীবিকার তাগিদে দুবাইয়ে চলে গেলে ভিকটিম তার বড় বোন তানিয়া আক্তারের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তানিয়া আক্তার অভিযুক্ত কাইয়ুম মালের সঙ্গে ভিকটিমের যোগাযোগ করিয়ে দেন। পরবর্তীতে ২০২৫ সালের ১২ অক্টোবর পশ্চিম হানিরপাড় এলাকায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় কাইয়ুম মাল ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন।প্রায় এক মাস আগে ভিকটিমের পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন। ডাক্তারি পরীক্ষায় জানা যায়, তিনি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদে ভিকটিম ঘটনাটি প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বড় বোনের সহযোগিতায় কাইয়ুম মাল ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছেন।মতলব উত্তর থানা পুলিশ জানায়, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ