প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
মতলবে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচে হট্টগোল, খেলা অমীমাংসিত
মতলব (চাঁদপুর), প্রতিনিধি ||
ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে চাঁদপুরের মতলব দক্ষিণে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) ঐতিহাসিক মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।মতলবের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. ইশমাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।খেলায় সভাপতিত্ব করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধান।ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। মাঠজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।তবে হাফটাইমের পর রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মাঠে হট্টগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি।ফলে নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয় এবং কোনো ফলাফল ছাড়াই খেলাটি অমীমাংসিত থাকে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফয়সাল খন্দকার বলেন, “খেলার এক পর্যায়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে সাময়িক বাকবিতণ্ডা হলেও উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা মারামারি হয়নি। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।”
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ